নাটকীয়তার অবসান, কলম্বোয় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান – DesheBideshe

নাটকীয়তার অবসান, কলম্বোয় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান – DesheBideshe

নাটকীয়তার অবসান, কলম্বোয় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান – DesheBideshe

কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – নানা জল্পনা কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আঘা। ফলে প্রথমে ব্যাট করতে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশ ইস্যুতে নানা জটিলতা তৈরি হয়েছিল। এমনকি ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিল পাকিস্তান। তবে পিসিবি, বিসিবি ও আইসিসির ত্রিপক্ষীয় বৈঠকের পর সব শঙ্কা দূর হয়েছে।

আজ রোববার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি লড়াইয়ে নেমেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়কের আচরণ নিয়ে কৌতূহল ছিল সবার। সংবাদ সম্মেলনেও হাত মেলানোর বিষয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি দুই অধিনায়ককে।

সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টগুলোতে ভারতের একচ্ছত্র আধিপত্য দেখা গেলেও ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা।

পরিসংখ্যান অনুযায়ী আইসিসি ওয়ানডে ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারত এগিয়ে থাকলেও টি টোয়েন্টিতে লড়াই হয় সমানে সমানে। ২০২১ বিশ্বকাপে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। আবার ২০২২ ও ২০২৪ বিশ্বকাপে ভারত শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নেয়।

আজকের ম্যাচে ভারতের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। আর্শদীপ সিং ও সাঞ্জু স্যামসনের পরিবর্তে সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা ও কুলদীপ যাদব। অন্যদিকে পাকিস্তান শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে মাঠে নেমেছে। ভেন্যু জটিলতা ও হাইব্রিড মডেল নিয়ে জলঘোলা হওয়ার পর কলম্বোর মাটিতে এই লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও উসমান তারিক।

ভারত একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরাহ।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top