
নাইজেরিয়া, ১৫ ফেব্রুয়ারি – নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের বর্বরোচিত হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সশস্ত্র সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে ও গলা কেটে হত্যাযজ্ঞ চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং অনির্দিষ্ট সংখ্যক মানুষকে অপহরণ করা হয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা আফ্রিকা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এএফপির তথ্যমতে, নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা ৪১টি মোটরসাইকেলে চড়ে হামলা চালায়, যেখানে প্রতিটি বাইকে দুই বা তিনজন করে অস্ত্রধারী ছিল। রয়টার্সের প্রতিবেদনে মৃতের সংখ্যা ৩২ উল্লেখ করা হলেও এএফপি জানিয়েছে নিহতের সংখ্যা ৪৬ বা তার বেশি হতে পারে। ভোরের দিকে তুঙ্গা-মাকেরি গ্রামে প্রথম আঘাত হানে ডাকাতরা।
নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিয়োদুন জানান, তুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছেন এবং বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলার শিকার হয়েছে পার্শ্ববর্তী গ্রাম কনকোসো এবং পিসাও। প্রত্যক্ষদর্শীদের মতে, কনকোসোতে প্রায় সব ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন নারীকে অপহরণ করা হয়েছে। এরপর হামলাকারীরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে। চলতি মাসের শুরুতেও একই ধরণের আক্রমণে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। নাইজেরিয়ার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চালে সাম্প্রতিক সময়ে এমন অপরাধমূলক কার্যক্রম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





