
ঢাকা, ১৪ এপ্রিল – নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে দেশবাসী। বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐকতান এবং গণতন্ত্রের পুনরুত্থান।
মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এতে অংশগ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর দিকের ৩ নম্বর গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে দিয়ে ইউটার্ন নেয়। এরপর রাজু ভাস্কর্য, টিএসসি এবং দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
এবারের বৈশাখী শোভাযাত্রায় মোট পাঁচটি মোটিফ প্রদর্শন করা হচ্ছে। এগুলো হলো মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। এর পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী জাতীয় সংগীত, এসো হে বৈশাখ ও বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করছেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী ২০০ জন শিক্ষার্থী বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে নতুন বছরকে স্বাগত জানান।
এনএন/ ১৪ এপ্রিল ২০২৬





