
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে শপথ নেন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনুষ্ঠান শেষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।
তামিম ইকবাল বলেন, নতুন সরকারকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে কারণ কোনো কিছুই রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তিনি রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সঠিক ও যোগ্য ব্যক্তিদের পদায়নের ওপর বিশেষ জোর দেন।
তিনি উল্লেখ করেন যে গত প্রায় দেড় বছর ধরে দেশের মানুষ একটি রাজনৈতিক সরকারের অপেক্ষায় ছিল। তামিম আশাবাদ ব্যক্ত করেন যে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাসহ জনগণের সব আশা ও আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করতে সক্ষম হবে।
ক্রীড়াঙ্গন প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, খেলাধুলার উন্নয়নে সঠিক জায়গায় যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া অত্যন্ত জরুরি। তিনি মনে করেন রাজনীতিবিদ হলেও যারা দীর্ঘ সময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করেছেন বা যাদের যোগ্যতা রয়েছে, তাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসা উচিত।
বাংলাদেশের প্রেক্ষাপটে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ খাত হওয়ায় এখানে যোগ্য নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন এই তারকা ক্রিকেটার।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬




