প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সম্মেলনে প্রথম আলোর কর্মী ছাড়াও বেশ কিছু লেখক, পাঠক, মঙ্গলাকাঙ্ক্ষী আসেন আমন্ত্রিত অতিথি হয়ে। এবার এসেছিলেন ম তামিম, আরিফ দৌলা, রুবানা হক ও মোশাররফ করিম। তাঁদের মঞ্চে আহ্বান করলেন সঞ্চালক কথা শোনার জন্য।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য ম তামিম বলেন, ১৯৯৫ সালে বিদেশে উচ্চতর শিক্ষা শেষে দেশে ফেরার পর যখন প্রথম আলোতে তাঁর একটি সচিত্র সাক্ষাৎকার ছাপা হয়েছিল, তখন সেটি ছিল তাঁর জন্য একটি স্মরণীয় ঘটনা। কারণ, দেশের শ্রেষ্ঠ পত্রিকায় তাঁর সাক্ষাৎকার তাঁকে খুবই অভিভূত করেছিল। তিনি বলেন, প্রথম আলো যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল, তা শুধু পূরণই করেনি, তার চেয়েও বেশি করেছে। সাংবাদিকতা করতে গিয়ে সরকারি ও বিরোধী—উভয় পক্ষের রোষানলে পড়েছে প্রথম আলো। এ থেকে প্রমাণিত হয় প্রথম আলো সঠিক পথেই রয়েছে। তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে হামলার ঘটনার পরও প্রথম আলো ঘুরে দাঁড়িয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রেখেছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক।



