ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। কোচ লিয়াম রোজেনিয়ারকে ছাঁটাই করার পর দল চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ। এরমধ্যেই টানা পাঁচটি ম্যাচ হার সঙ্গী হয়েছে দলটির। সবশেষ টেবিলের ১৬তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি।
লন্ডনের স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফরেস্ট। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন নাইজেরিয়ান তাইও আওনিয়ি। তার গোলে ১-০তে এগিয়ে যায় নটিংহ্যাম। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করেন ইগোর জেসুস। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ফরেস্ট।
বিরতি থেকে ফিরে আবারও গোল পায় সফরকারী দলটি। এবার নিজের দ্বিতীয় গোল ও ম্যাচের তৃতীয় গোল করেন তাইও আওনিয়ি। ৩-০ গোলে এগিয়ে যায় দলটি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর যোগ করা সময়ের তিন মিনিটে চেলসির পক্ষে প্রথম গোল করেন জোয়াও পেদ্রো। তার গোলে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
চেলসির বিপক্ষে দুর্দান্ত জয় তুললেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই নটিংহ্যাম ফরেস্ট। ৩৫ রাউন্ড শেষে ৪২ পয়েন্ট নিয়ে অবনমনের মাত্র দুই ধাপ উপরে রয়েছে দলটি। অন্যদিকে সবশেষ পাঁচ ম্যাচে হেরে ৩৫ রাউন্ড শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে চেলসি।
৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি। ক্যারিকের কারিশমায় টেবিলের তিনে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।





