
ঢাকা-২০, ৮ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ২০ আসন বা ধামরাইয়ে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা অত্যন্ত জমে উঠেছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া ও মহল্লায় বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণায় কর্মী ও সমর্থকদের ঢল ততই বাড়ছে।
ঢাকার ধামরাইয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিনের পক্ষে যুবদল নেতা শরিফুল ইসলাম ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন স্থানে সভা এবং সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিনের সমর্থনে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই বাজারের বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তমিজ উদ্দিন।
ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মলয়ঘাট জামে মসজিদের সভাপতি মো. সোহরাব হোসেনের নেতৃত্বে এবং জেলা যুবদলের সদস্য শরিফুল ইসলামের পরিচালনায় একটি বিশাল মিছিল সভাস্থলে প্রবেশ করে। এই মিছিলে ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোরশেদ ইসলাম মুকদমসহ ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ও সেক্রেটারি ইউসুফ উপস্থিত ছিলেন। মলয়ঘাট এলাকাবাসীর সহযোগিতায় বের হওয়া এই সর্ববৃহৎ মিছিলটি ধামরাই বাজার হয়ে সভাস্থলে পৌঁছালে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মিছিলে মিছিলে ধামরাই বাজার উপজেলা গেট এবং রথখোলা এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় প্রধান অতিথি উপস্থিত জনতার সামনে বিএনপির নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। উল্লেখ্য গত ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দল ও প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে।
এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬





