রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার পর ৭ নম্বর ফেরিঘাট পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং বাসটির চালক ও সহকারীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল। এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকারী দলগুলো বাসটি শনাক্ত ও প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন এলাকায় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।


