
ঢাকা, ১৭ জুন – দেশের আটটি জেলার ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সময়ে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের এই সতর্কবার্তা অনুযায়ী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ১৭ জুন ২০২৬






