বাংলাদেশের বাজারে রাউটার বিক্রিতে নতুন এক মাইলফলক অর্জন করেছে টিপি-লিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে তাদের রাউটার বিক্রির সংখ্যা ৩ কোটির সীমা অতিক্রম করেছে।

রোববার রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করে টিপি-লিংকের বাংলাদেশি পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। তাঁর মতে, ৩ কোটি রাউটার বিক্রির এই অর্জন টিপি-লিংকের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় অংশীদারদের পক্ষ থেকে বাংলাদেশে উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান বলেন, বাজারের চাহিদা বিবেচনায় বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করা লাভজনক হতে পারে। এজন্য সরকারের সহায়তা ও উৎপাদনবান্ধব নীতিমালা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, টিপি-লিংকের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং সম্প্রতি বাংলাদেশ সফর করে সম্ভাব্য উৎপাদন পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। অনুকূল পরিবেশ পেলে দেশে দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিপি-লিংক ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, গ্রাহক ও অংশীদারদের আস্থাই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে টিপি-লিংকের বিভিন্ন সাব-ব্র্যান্ড ও প্রযুক্তিপণ্যের পরিচিতিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’, এআইভিত্তিক নিরাপত্তা ক্যামেরা ‘ভিজি’, স্মার্ট হোম পণ্য ‘ট্যাপো’ এবং হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘মার্কোসিস’।




