
দেশের ছয় অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাসের সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এলাকাটিতে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের গত রাতের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টিও হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…