
ঢাকা, ৩১ মার্চ – দেশের আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পাওয়া জেলা পরিষদগুলো হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, ফেনী, ফরিদপুর, হবিগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা ও জামালপুর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী জেলা পরিষদ আইন ২০০০ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
এস এম/ ৩১ মার্চ ২০২৬





