ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ ও উত্তেজনার পর আজ আবারও আন্দোলনে নেমেছেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের দাবির বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও জানিয়েছেন, আন্দোলনকারীদের দাবি পূরণে অগ্রগতি না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আবারও দিল্লির জন্তর মন্তরের রাস্তায় জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে।
আগের দিনের সংঘর্ষে ১০০ জনের বেশি পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে এবং সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে সোমবার (২০ জুলাই) ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে জন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চ ও তাঁবু সরিয়ে দেওয়া হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সোনম ওয়াংচুক। তার স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াংচুকের হাতে লেখা একটি বার্তা প্রকাশ করেন। বার্তায় ওয়াংচুক বলেন, আমি আমার অনশন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী তরুণদের সঙ্গে যেভাবে কঠোর আচরণ করা হচ্ছে, তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না আন্দোলনের তরুণ নেতাদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে অথবা হাসপাতালে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সোমবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সোনম ওয়াংচুকের ওপর আরোপিত সব ধরনের চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। বৈঠক শেষে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, মন্ত্রী বিষয়টি যথাযথ পর্যায়ে আলোচনার আশ্বাস দিলেও কোনো প্রতিশ্রুতি দেননি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
সম্প্রতি নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে সিজেপি। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে যোগ দেন সোনম ওয়াংচুক। পরে গত শনিবার তাকে হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকেও তিনি অনশন অব্যাহত রেখেছেন।


