
বৈরুত, ১৬ মার্চ – লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেড তাদের ফরোয়ার্ড ডিফেন্স জোন বা অগ্রবর্তী প্রতিরক্ষা অঞ্চল সম্প্রসারিত করার উদ্দেশ্যে দক্ষিণ লেবাননে এই স্থল অভিযান পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের মূল লক্ষ্য হলো হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং সম্ভাব্য সব ধরনের হুমকি দূর করা।
একইসঙ্গে লেবানন সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরায়েলি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ৮৫০ জন নিহত হয়েছেন।
নিহতদের এই তালিকায় ৬৬ জন নারী, ১০৭ জন শিশু এবং ৩২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া এসব হামলায় আরও ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি মানুষ।
এ এম/ ১৬ মার্চ ২০২৬





