থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
খায়রুল বাসার গণমাধ্যমকে জানান, পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় স্কুটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা দুজন পড়ে যান। এ সময় শুটিং টিমের সদস্যরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও তাঁর কষ্ট হচ্ছে বলে জানান। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে জানান বাসার। দুজনেরই এক্স-রে করানো হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আঘাতের কারণে আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। বাসার জানান, তার শারীরিক অবস্থায় আগামী দুই-তিন দিন শুটিং করা সম্ভব হবে না।
জানা যায়, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন খায়রুল বাসার। নাটকগুলোর পরিচালক মীর আরমান হোসেন। এতে বাসারের সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে অভিনয় করছেন।


