ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ছিল: রুশ নির্বাচন কমিশন – DesheBideshe

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ছিল: রুশ নির্বাচন কমিশন – DesheBideshe

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ছিল: রুশ নির্বাচন কমিশন – DesheBideshe

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা সিইসি। আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে দেশটির প্রতিনিধি দল ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও আইনসম্মত বলে অভিহিত করেছে।

রোববার ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। এই দলটি ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্রের অধীনে ৪০টিরও বেশি ভোটকক্ষ পরিদর্শন করে। ভোটগ্রহণ শুরুর সময় থেকে ভোট গণনার প্রস্তুতি পর্যন্ত প্রতিটি ধাপ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। রুশ পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি ছিল তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন।

নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ও দক্ষতা প্রসঙ্গে পর্যবেক্ষকরা জানান, যৌথ ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনায় কর্মকর্তাদের প্রস্তুতি ছিল সুদৃঢ় এবং প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সামগ্রিক পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তারা জানান, নির্বাচনে ৯ লাখের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল, যা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করেছে।

সফরকালে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাভেল আন্দ্রেয়েভ। বৈঠকে তিনি রাশিয়ার সিইসির চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top