তিন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কিনবে সরকার

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে তিনটি প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো ও প্রয়োজনে অতিরিক্ত এলএনজি কেনা হবে।

এলএনজি

কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে কেনা হবে আরও এক কার্গো। পাশাপাশি জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। এক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া বাজারদরের (জেকেএম) চেয়ে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম।

প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গোও কেনা যাবে।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই বৈঠকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এই কার্গোর দাম পড়বে প্রতি এমএমবিটিইউ গ্যাসের জেকেএম বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম।

অন্যদিকে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে চূড়ান্ত করা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের নির্ধারিত নমুনা স্বাক্ষরের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Scroll to Top