তারেক রহমানকে নিয়ে কটূক্তি: বগুড়ায় এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ – DesheBideshe

তারেক রহমানকে নিয়ে কটূক্তি: বগুড়ায় এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ – DesheBideshe


তারেক রহমানকে নিয়ে কটূক্তি: বগুড়ায় এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ – DesheBideshe

বগুড়া, ১ আগস্ট – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এই কর্মসূচিতে তানভীরের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি তাতে জুতা নিক্ষেপ করা হয়।

একই সঙ্গে বগুড়া শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপি নেতাদের ব্যানার ও পোস্টার অপসারণ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কয়েকটি স্থানে ব্যানারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। শনিবার দুপুর ২টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে প্রধান কেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

মিছিলটি সাতমাথা চত্বরে পৌঁছালে নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভ চলাকালে সাতমাথা এলাকার বিভিন্ন সাইনবোর্ড ও বিলবোর্ডে লাগানো এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব ও তার পরিবারের সদস্যদের নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য বরদাশত করা হবে না। তারা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির একাধিক নেতার সাম্প্রতিক কিছু বক্তব্যের কড়া সমালোচনা করেন।

নেতারা অবিলম্বে গাজী সালাউদ্দিন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারীকে সারাদেশে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান। কর্মসূচিতে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহ-সভাপতি মশিউর, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এস এম/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top