বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস।
সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
বিএনপির চেয়ারম্যানকে দেওয়ার ধন্যবাদ পোস্টে সারজিস লিখেছেন, ‘ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।
পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন সারজিস আলম।



