ঢাবিতে ‘জাতীয় পতাকা উৎসব’ ঘিরে আলোকচিত্র প্রদর্শনী | চ্যানেল আই অনলাইন

ঢাবিতে ‘জাতীয় পতাকা উৎসব’ ঘিরে আলোকচিত্র প্রদর্শনী | চ্যানেল আই অনলাইন

‘জাতীয় পতাকা উৎসব-২০২৬’ উপলক্ষে ‘পতাকায় বিপ্লব ও গৌরব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলা রেকর্ডস।

রোববার ১ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় এ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাবিতে ‘জাতীয় পতাকা উৎসব’ ঘিরে আলোকচিত্র প্রদর্শনী | চ্যানেল আই অনলাইন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান

সাবেক অতিরিক্ত সচিব ও বাংলা রেকর্ডসের সভাপতি জাফর রাজা চৌধুরী-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক অধ্যাপক কাজী মোস্তাক গাওসুল হক, ডাকসুর সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান।

সভাপতির বক্তব্যে জাফর রাজা চৌধুরী বলেন, সিভিল সার্ভিসে কর্মরত অবস্থায় তিনি বাংলাদেশ কপিরাইট অফিস-এ পাঁচ বছর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি দেখেছেন, বিশ্বের অন্যান্য জাতি তাদের ইতিহাস অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করে। তিনি বলেন, বাংলাদেশেও একটি ন্যাশনাল আর্কাইভ রয়েছে, তবে সেটি নামমাত্র। অবসরের পর আমরা কয়েকজন মিলে বাংলা রেকর্ডস প্রতিষ্ঠা করি। আমাদের উদ্দেশ্য হলো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ডিজিটালি আর্কাইভ করা।

ছবি: সংগৃহীত

অধ্যাপক কাজী মোস্তাক গাওসুল হক বলেন, জাতীয় পতাকা হুট করে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, শ্রম, ঘাম ও তাজা রক্ত। এই পতাকার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, চেতনা, বিশ্বাস ও আত্মপরিচয়।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, যারা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের বিরোধিতা করেছে, তারাই এখন পতাকাকে আঁকড়ে ধরতে চায়। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ১ মার্চ পূর্ব বাংলার মানুষের যে আন্দোলন শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে কলা ভবনের ডিন অফিস সংলগ্ন তৎকালীন গাড়ি বারান্দা থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তিনি উল্লেখ করেন, তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এর ডিজাইনার ছিলেন ছাত্রনেতা শিব নারায়ণ দাস, যিনি বর্তমানে প্রয়াত।

Scroll to Top