বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কৌশল এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অবস্থান সম্পর্কে ধারণা নিতে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। কূটনৈতিক সূত্র বলছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর।
আজ (২১ জুলাই) মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ২৮ জুলাই দেশে ফিরবেন। তার সফরসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন বিশেষ দূতের ঢাকা সফরের কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে।
বিশেষ দূতদের সফর সাধারণত রুটিন দ্বিপাক্ষিক আলোচনার অংশ নয়; বরং নির্দিষ্ট কৌশলগত বা নীতিগত বিষয়ে সরাসরি মূল্যায়নের উদ্দেশ্যেই এই ধরনের সফর হয়ে থাকে। সেই বিবেচনায় সার্জিও গোরের ঢাকা সফরের মূল লক্ষ্য হবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের দিকনির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া।
সার্জিও গোর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে কাজের অভিজ্ঞতা অর্জনের পর বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সরাসরি হোয়াইট হাউসে রিপোর্ট করেন।
