
ঢাকা, ২২ জুলাই – বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনিয়ন্ত্রিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার এর বুধবার সকাল ১০টার তথ্য অনুযায়ী মেগাসিটি ঢাকার বায়ুমান বর্তমানে মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
তালিকায় ৭৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান এখন ২৬তম। তালিকায় দূষিত বায়ুর শহরের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচকে স্কোর ছিল ১৮৭ যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৫৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা সৌদি আরবের রিয়াদের স্কোর ১৩৪ এবং ইসরায়েলের জেরুজালেম ১১৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে। এছাড়া মিসরের রাজধানী কায়রো ১১৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। আইকিউএয়ার এর মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বাতাস বলা হয়।
৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়।
বায়ুমান ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর উপরে গেলে তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ অবস্থায় শিশু এবং বয়স্কদের ঘরের বাইরে চলাফেরা সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এস এম/ ২২ জুলাই ২০২৬





