যে ডেঙ্গু একসময় কেবল বর্ষার রোগ ছিল, তা এখন বছরজুড়ে হচ্ছে। তাই একে মোকাবিলায় মশা নিধনে যে পরিবর্তন আনতে হবে, তা গবেষকেরাও বলছেন। আইসিডিডিআরবির বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম বলেন, যেসব ওষুধ এখন প্রয়োগ হচ্ছে, তাতে পরিবর্তন আনা দরকার। বিটিআই (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস-মশার লার্ভা ধ্বংসকারী একধরনের ব্যাকটেরিয়া) বা উলবেকিয়া মশা দিয়ে ডেঙ্গু নিধনের মতো ব্যবস্থা প্রয়োগ করা যেতে পারে।
ডেঙ্গু বিস্তার রোধে কেবল মশা নিধন নয়, চিকিৎসার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন দরকার বলে মনে করেন বে–নজির আহমেদ। তিনি বলেন, ‘বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গু চিকিৎসার প্রস্তুতি বাড়াতে হবে। এখন ডেঙ্গু আমাদের সারা বছরের রোগ—এ বাস্তবতা উপলব্ধি করে পদক্ষেপ নিতে হবে।’


