অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন একটি ব্যাকআপ সুবিধা আনতে কাজ করছে গুগল। এই সুবিধা চালু হলে ফোনের ডাউনলোডস ফোল্ডারে থাকা লোকাল ফাইলও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ নেওয়া যাবে। গুগল ফটোস যেমন ছবি ও ভিডিও সংরক্ষণ করে, তেমনি এবার গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করা নথিপত্রও নিরাপদে সংরক্ষণের সুযোগ দেবে অ্যান্ড্রয়েড।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, নতুন এই সুবিধা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রকাশিত ফেব্রুয়ারি প্লে সিস্টেম আপডেটের অংশ। আপডেটের পরিবর্তন তালিকায় বলা হয়েছে, নতুন অপশনটি চালু হলে ব্যবহারকারীর ডাউনলোড করা ফাইল স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সংরক্ষিত হবে। এতে ফাইলগুলো নিরাপদ থাকবে এবং বিভিন্ন ডিভাইস থেকে সহজে ব্যবহার করা যাবে। তবে ‘লোকাল ফাইল ব্যাকআপ’ নামের এই সুবিধা শুধু ডাউনলোডস ফোল্ডারের মধ্যেই থাকবে। ফোনের পুরো অভ্যন্তরীণ মেমোরির সব ফাইল এতে ব্যাকআপ হবে না। মূলত ডাউনলোড করা প্রয়োজনীয় নথি সংরক্ষণের জন্যই এটি তৈরি করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ড্রাইভে সংরক্ষিত ফাইলগুলো স্ট্যাটিক কপি হিসেবে রাখা হতে পারে। অর্থাৎ ফোনে থাকা মূল ফাইলে পরিবর্তন করলে ড্রাইভে থাকা কপিতে তা স্বয়ংক্রিয়ভাবে প্রতিফলিত হবে না। একইভাবে ড্রাইভে পরিবর্তন আনলেও মূল ফাইল অপরিবর্তিত থাকবে।
বর্তমানে অ্যান্ড্রয়েডে দুটি ব্যাকআপ ব্যবস্থা চালু রয়েছে। গুগল ফটোসের মাধ্যমে ছবি ও ভিডিও বিভিন্ন ডিভাইসে সমন্বিত থাকে। অন্যদিকে অ্যান্ড্রয়েড নিজে থেকে ফোনের কিছু সেটিংস, কল ইতিহাস ও নির্দিষ্ট কিছু অ্যাপের তথ্য ব্যাকআপ করে রাখে। নতুন সুবিধাটি যুক্ত হলে গুগল ড্রাইভের মাধ্যমে পিডিএফ, সিভি, টিকিট, বিল, চালান কিংবা ইনস্টলার ফাইলের মতো গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোডস ফোল্ডার থেকে সংরক্ষণ করা সম্ভব হবে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনলোডস ফোল্ডারের সব ধরনের ফাইল এতে ব্যাকআপ না–ও হতে পারে। ধারণা করা হচ্ছে, এটি মূলত ফাইল সংরক্ষণেই বেশি গুরুত্ব দেবে।
গুগলের প্লে সিস্টেমের অন্যান্য নতুন সুবিধার মতোই এটি সম্ভবত সার্ভার থেকে ধাপে ধাপে চালু করা হবে। ফলে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



