
ঢাকা, ২৫ মে – পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার। এদিন আগামী ৪ জুনের ট্রেনযাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। এর আগে বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত যথাক্রমে ৩১ মে এবং ১, ২ ও ৩ জুনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ঈদযাত্রার জন্য কেনা এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী ব্যক্তিগত আইডি ব্যবহার করে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
এনএন/ ২৫ মে ২০২৬






