চুয়াডাঙ্গার দুধপাতিলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং অপর ১ জন আহত হয়েছে। নিহতরা হলো- জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সুমন (২৫) এবং মদনা গ্রামের রাজ (২৫)।
আহত ডুগডুগি কলোনিপাড়ার রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদেরকে (২৫) আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে রেলগেটে চাপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
আহত আব্দুল কাদের জানান, চুয়াডাঙ্গার সদর উপজেলার ছয়মাইল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভাষা ও ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ নিচ্ছি আমরা তিনজন। বিকেলে তিনজন একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে দর্শনা দুধপাতিলা রেলগেট এলাকায় পৌঁছাই। রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল মহানন্দা ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন ও রাজ মারা যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে।
চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু জানান, স্থানীয়রা আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। মরদেহ চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম জানান, আহত আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


