
ওয়াশিংটন, ১২ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এক গুরুত্বপূর্ণ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন ছয়জন রিপাবলিকান সদস্য। কানাডার ওপর আরোপিত শুল্ক বাতিলের পক্ষে তারা ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়েছেন।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের মূল নীতি হিসেবে বিবেচিত শুল্ক আরোপ ব্যবস্থার বিরুদ্ধে এই অবস্থান রিপাবলিকান দলের ভেতরে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে।
শুল্ক বাতিলের প্রস্তাবে ভোট দেওয়া রিপাবলিকানরা হলেন—থমাস ম্যাসি, ডন বেকন, কেভিন কাইলি, জেফ হার্ড, ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও ড্যান নিউহাউস। তারা জানিয়েছেন, শুল্ক আরোপের কারণে তাদের অঙ্গরাজ্যের কৃষক ও উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেয় তবে নির্বাচনের সময় তার ‘গুরুতর পরিণতি’ হবে। এমনকি প্রাইমারি চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।
স্পিকার মাইক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট এ নিয়ে ক্ষুব্ধ নন এবং প্রয়োজন হলে তিনি ভেটো ক্ষমতা ব্যবহার করতে পারবেন। তবে প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সমর্থন না থাকায় ভেটো অতিক্রম করা সম্ভব নয়।
এর আগে সিনেটেও অনুরূপ প্রস্তাব সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। তবে চূড়ান্তভাবে কার্যকর করতে হলে প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে।
ডন বেকন বলেন, আমরা কেবল রাবার স্ট্যাম্প নই। শুল্ক আরোপের সিদ্ধান্ত কংগ্রেসের হওয়া উচিত, হোয়াইট হাউসের নয়।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প এখনও রিপাবলিকান দলে শক্ত অবস্থান ধরে রেখেছেন, কিন্তু এই ভোট তার বাণিজ্য নীতি নিয়ে অভ্যন্তরীণ অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে। সামনে মেক্সিকোসহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক নিয়েও আরও ভোট হতে পারে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬





