টানা দুই দফায় কমল স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নতুন বছরের শুরুতেই দেশের বাজারে টানা দুই দফায় কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

আজ ২ জানুয়ারি শুক্রবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে বৃহস্পতিবার রাতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে। এর আগে সর্বশেষ গত বছরের ৩১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। নতুন দরে ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এটিই দেশের বাজারে রুপার প্রথম দাম সমন্বয়। গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে।

Scroll to Top