
সুনামগঞ্জ, ৩ আগস্ট – সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের সীমানার অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ ২০২৫ এর আলোকে হাওরের পরিবেশ রক্ষা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৩ দফার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব নির্দেশনা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হাওরে চলাচলকারী সব নৌযান মালিকদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে কোনো নৌযান চালানো যাবে না।
পরিবেশ রক্ষায় হাউসবোটে উচ্চস্বরে গান বাজানো বা সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হাওরে কোনো বর্জ্য বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ফেলা যাবে না। প্রতিটি হাউসবোটে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন রাখতে হবে।
নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে যে হাওরের সার্বিক সুরক্ষায় এই নির্দেশনাবলি অবিলম্বে কার্যকর হবে।
এস এম/ ৩ আগস্ট ২০২৬






