
ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি – সারা দেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে গণভোটও হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনার কাজ চলছে।
এর মধ্যে ঝিনাইদহ-১ আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। সেই ফল অনুযায়ী, সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের মাধ্যমে ধানের শীষ প্রতীকের জয় এসেছে।
তথ্য অনুযায়ী, এই আসনে মোট ১১৭টি কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
বেসরকারি হিসাবে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত ছিল। তাই আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পান। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬





