ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে ‘পুশ ইন’ চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৫৯ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তবে বিজিবির টহল দল তাদের সীমান্তেই আটকে দেয়। বর্তমানে ওই ছয়জন ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের ঘটনা প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



