ইরানের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে এবং কিছু ক্ষেত্রে হামলাও চালিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সউদ এই হামলাগুলোকে “ব্ল্যাকমেইলের অংশ” হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমাদের জ্বালানি স্থাপনায় হামলা নিকৃষ্ট ব্ল্যাকমেইলের অংশ। বৈঠকের সময়ই ইরান এই হামলা চালিয়েছে, যাতে বার্তা দিতে চায় তারা থামবে না। তবে এসব প্রচেষ্টা আমাদের ভয় দেখাতে সক্ষম হবে না।”
ফয়সাল আরও বলেন, “আমাদের জন্য স্পষ্ট যে, বৈঠকের সময় হামলার উদ্দেশ্য ছিল উপস্থিত দেশগুলোকে ভয় দেখানো। ইরান যদি এমন আচরণ অব্যাহত রাখে, তারা আমাদের বৈধ কোনো অংশীদার হতে পারবে না। ইরানের ওপর যে সামান্য বিশ্বাস ছিল, তা পুরোপুরি ভেঙে গেছে।”
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে গেছে। বিভিন্ন দেশের কর্মকর্তারা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বাড়ানোর জন্য আলোচনা শুরু করেছেন।


