জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে ফ্রি গণপরিবহন চালু করল পাকিস্তান – DesheBideshe

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে ফ্রি গণপরিবহন চালু করল পাকিস্তান – DesheBideshe

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে ফ্রি গণপরিবহন চালু করল পাকিস্তান – DesheBideshe

ইসলামাবাদ, ৩ এপ্রিল – জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানী ইসলামাবাদে গণপরিবহন পরিষেবা সম্পূর্ণ ফ্রি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, শনিবার ৪ এপ্রিল থেকে এই নতুন উদ্যোগ কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, সাধারণ মানুষের কল্যাণে নেওয়া এই উদ্যোগের জন্য ৩৫ কোটি রুপি ব্যয় হবে, যা পুরোপুরি বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে পাকিস্তানেও চরম জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের যাতায়াতের ভোগান্তি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বাড়ার কারণে পাকিস্তান সরকার এরই মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৪৩ এবং ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। ২৪ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি মূলত উপসাগরীয় অঞ্চল থেকেই তাদের অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে।

দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে গ্যালনপ্রতি পেট্রোলের দাম প্রায় ৬ দশমিক ২৫ ডলার এবং ডিজেলের দাম প্রায় ৭ ডলারে গিয়ে পৌঁছাবে। তবে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

আগামী তিন মাসের জন্য প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এই সুবিধা মাসে সর্বোচ্চ ২০ লিটার জ্বালানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top