এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেছেন, বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ শনিবার (১১ এপ্রিল) এওএবি’র ১৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
অঞ্জন চৌধুরী বাংলাদেশ গেজেটে প্রকাশিত ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন এর কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পুনরায় বিবেচনা করার জন্য সরকারের এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সংগঠনটির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের বাড়তি দাম, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।
সভায় উপস্থিত ছিলেন এওএবি এর ভাইস চেয়ারম্যান-২ এবং ইউ এস বাংলা এয়ারলাইন্সের আব্দুল্লাহ আল মামুন, এওএবি এর মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, এওএবি’র কোষাধ্যক্ষ এবং ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, এওএবি এর যুগ্ম সচিব ও ব্লু ফ্লাইং একাডেমীর চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাহির স্বপন, এওএবি’র সাংগঠনিক সম্পাদক এবং বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির।
এছাড়াও মেঘনা এভিয়েশনের তানভির মোস্তফা এবং প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এএসএম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা।
সভায় উপস্থিত সদস্যগণ বলেন, এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন সহ বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে আন্তরিক সহযোগিতার আশা ব্যক্ত করেন।





