জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার – DesheBideshe

জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার – DesheBideshe


জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার – DesheBideshe

ঢাকা, ১৬ জুলাই – সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার ১৬ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ প্রায় সাড়ে চার দশক পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাকে হস্তান্তর করা হয়। বর্তমানে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তার সশস্ত্র হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ঘটনার আগের দিন একটি রাজনৈতিক বিরোধ মেটাতে দুই দিনের সফরে তিনি চট্টগ্রাম গিয়েছিলেন। চট্টগ্রামের প্রথম দিনে নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে রাতে বিশ্রামের সময় তার ওপর অতর্কিত গুলি চালায় সেনাবাহিনীর একটি দল। এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন।

মামলার নথি অনুযায়ী মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতিকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। জিয়ার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনিই চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে অভিযানের সফলতা সম্পর্কে অবহিত করেছিলেন।

ঘটনার পর মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মোজাফফর হোসেন দীর্ঘ সময় ছদ্মনামে ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সেখানে থাকার পর তিনি বিভিন্ন সময় পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে তার দীর্ঘ পলাতক জীবনের অবসান ঘটল।

সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএন/ ১৬ জুলাই ২০২৬



Scroll to Top