জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার! | চ্যানেল আই অনলাইন

প্রকাশ হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৪.০০ জিপিএ পেয়ে ‘এ গ্রেড’-এ উত্তীর্ণ হয়েছে শিশুশিল্পী ইসরাত অতিথি।

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া ইসরাতের কাঙ্ক্ষিত ফল ছিল জিপিএ-৫। তবে সেটি না পেলেও তার এই ফলাফলে ভীষণ খুশি পরিবার।

ফল প্রকাশের পর সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় ইসরাত অতিথির বড় বোন শাফিনা আবৃত্তির। তিনি বলেন, ‘ও যদি শুধু পাশ করত, তাহলেও আমরা খুশি হতাম। সেখানে এ গ্রেড পেয়েছে। এই রেজাল্টে আমাদের পুরো ফ্যামিলি মোর দ্যান হ্যাপি।’

ইসরাতের বড় বোন জানান, শুরুতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত ইসরাত। এসএসসি পরীক্ষার মাত্র ছয় মাস আগে বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে আসে সে। এ কারণে পরিবারের মধ্যে দুশ্চিন্তাও ছিল—ইসরাত শেষ পর্যন্ত এসএসসিতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে কি না।

শাফিনা আবৃত্তি বলেন, ‘ইসরাত যখন ক্লাস টেনে ওঠে, এরপর ওর কাজের চাপ বেড়ে যায়। এমনও হয়েছে, পরীক্ষার ১৫ মিনিট আগে ও এক্সাম রুমে ঢুকেছে। পরীক্ষা দিয়ে আবার শুটিংয়ে চলে গেছে।’

রাজধানীর উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইসরাত। জানা গেছে, ওই স্কুলের মানবিক বিভাগ থেকে দুজন শিক্ষার্থী ভালো ফল করেছে, তাদের একজন ইসরাত।

ইসরাতের বড় বোন জানান, প্রি-টেস্ট পরীক্ষার পর সে মানবিক বিভাগে আসে। বিভাগ পরিবর্তনের জন্য অনেক কিছুই সামলাতে হয়েছে। তবে পড়াশোনার পাশাপাশি যাতে অভিনয় ও শুটিং চালিয়ে যেতে পারে, সেজন্য স্কুলের শিক্ষকরাও সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, ‘পরীক্ষার দুদিন আগে “এটা আমাদেরই গল্প”-এর শুটিং শেষ হয়। ওর পড়ালেখার ব্যাপারে পরিচালক রাজ মামা থেকে শুরু করে পুরো টিমই খুব সহযোগিতা করত। আমরা পরিবার থেকেও ভালো রেজাল্টের জন্য ইসরাতকে কখনও প্রেসার দিইনি। আমার মা সবসময় ওকে সাপোর্ট করেছে, আগলে রেখেছে।’

নিজেদের পরিবারের ফলাফলের প্রসঙ্গ টেনে শাফিনা বলেন, ‘আমি আরেক বোন গোল্ডেন এ+ পেয়েছিলাম। কিন্তু আমাদের ফ্যামিলিতে এখন ইসরাতের রেজাল্ট নিয়েই যেন সবাই একটু বেশি খুশি।’

Scroll to Top