
জামালপুর সদর উপজেলা, ২৮ মার্চ – জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজ নামের একটি পেট্রলপাম্পে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকালে পাম্পটিতে পেট্রল নেই বলে ঘোষণা দেওয়া হলে মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েন।
ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে পাম্পটির ভেতরে ১২টি ড্রামে প্রায় আড়াই হাজার লিটার পেট্রলের অবৈধ মজুত পাওয়া যায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে পাম্পটির ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে পাম্পটিতে পুনরায় তেল বিক্রি শুরু হয়।
এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ চালকদের মাঝে স্বস্তি ফিরে আসে। প্রশাসন সতর্ক করে জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত গড়ে কৃত্রিম সংকট তৈরি বা ভোক্তাদের হয়রানির চেষ্টা করা হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ এম/ ২৮ মার্চ ২০২৬




