জাপানে জ্বালানি বিষয়ক আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জাপানে জ্বালানি বিষয়ক আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের রাজধানী টোকিওতে ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’এ অংশ নিয়েছে বাংলাদেশ। এই ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ১৪-১৫ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই আয়োজন।

শনিবার (১৪ মার্চ) যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান।

ফোরামটির আয়োজন করেছে মার্কিন ইউ.এস. ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এতে উপস্থিত আছেন কাউন্সিলের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ডগ বারগাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনামের জ্বালানি মন্ত্রীরাও এই ফোরামে অংশ নিচ্ছেন।

ছবি: সংগৃহীত

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর নীতিনির্ধারকরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে এই অঞ্চলে কীভাবে পর্যাপ্ত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ এবং দ্রুত সরবরাহযোগ্য জ্বালানি নিশ্চিত করা যায়-তা নিয়েই মূলত আলোচনা চলছে। আয়োজকদের মতে, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এই ফোরামের প্রধান লক্ষ্য।

Scroll to Top