এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমে বিজ্ঞাপন, এরপর নাটক তারপর সিনেমা; অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটা এমন! প্রায় একযুগ ছোটপর্দায় কাজ করে গেল বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।
এরপর আড়ালে যান নিশো। বিজ্ঞাপন ছাড়া তাকে কোনো কাজে পাওয়া যায়নি। নিশোর অনুসারীরা খুব করে চাইছেন তিনি নতুন চলচ্চিত্রের মাধ্যমে কাজে ফিরুন। কিছুদিন আগেই জানা যায়, ‘সুড়ঙ্গ’র প্রযোজনা সংস্থা আলফা আই-এর নতুন চলচ্চিত্রের মাধ্যমে নিশোর কামব্যাক হবে।
রায়হান রাফীর নাম শোনা গেলেও সেটি হচ্ছে না। পরে জানা যায়, নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র বানাবেন শিহাব শাহীন, যিনি ‘ছুঁয়ে দিলে মন’ নামে একটি চলচ্চিত্র বানিয়েছেন প্রায় এক দশক আগে।
ওটিটিতে সিণ্ডিকেট, মাইসেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়ার মতো জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করেন এই নির্মাতা। তবে জানা যায়নি, শিহাব শাহীনের পরিচালনায় নিশোর নতুন ছবির নাম বা সহশিল্পীর কে থাকবেন সেটি।

এদিকে, একাধিক দায়িত্বশীল সূত্রের মাধ্যমে চ্যানেল আই অনলাইন নিশ্চিত হয়েছে যে, শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশোর নতুন ছবি নাম হচ্ছে ‘দাগী’। ইতোমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতেও এই নামটি নিবন্ধন করা হয়েছে। সবমিলিয়ে ‘দাগী’ হতে যাচ্ছে নিশোর দ্বিতীয় ছবি।

তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরেই ‘দাগী’র শুটিংয়ে নামবেন নিশো। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈতুল ফিতরে।
শিহাব শাহীন চ্যানেল আই অনলাইনকে বলেন, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করবে। তার আগে আমি কিছু বলতে পারবো না।




