
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছে। দলটি সংসদে এবং সংসদের বাইরে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান এবং রাত ৭টা ৫৮ মিনিটে সেখান থেকে বের হন। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বৈঠক শেষে ডা. তাহের জানান, এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির মাঠে এমন সংস্কৃতি গড়ে ওঠাকে তিনি একটি গুণগত পরিবর্তন ও শুভ সূচনা হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামে দুই দল একসঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সরকার ও বিরোধী দল সমন্বিতভাবে দেশের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া অর্থনীতি এবং জনগণের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বাসস্থান ও শিক্ষার মতো বিষয়গুলোতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
ডা. তাহের আরও বলেন, সরকার জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নিলে বিরোধী দল হিসেবে তারা প্রতিবাদ জানাবে এবং গঠনমূলক ভূমিকা রাখবে।
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন যে, জামায়াত কোনো জাতীয় সরকারে যোগ দেবে না, বরং শক্তিশালী বিরোধী দল হিসেবেই দেশের জন্য কাজ করে যাবে।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





