
ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আশপাশের সময়ে নির্দিষ্ট কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় সম্প্রতি এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা লঞ্চ ও ইঞ্জিনচালিত বোট চলাচল বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান এর আওতামুক্ত থাকবে। রিটার্নিং অফিসারের পূর্বানুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্রধারী দেশি ও বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ বিভিন্ন জরুরি সেবায় ব্যবহৃত নৌযানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
প্রধান নৌপথগুলোতে বন্দর কার্যক্রম ও জরুরি পণ্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ভোটার ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার লঞ্চ চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানানো হয়েছে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬





