জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ–এ প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার ১৬ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম তথ্যটি জানিয়েছেন ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী অংশ নেওয়ার কথা রয়েছে। প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ এবং পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঈদগাহ এলাকা জুড়ে বড় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য পর্যাপ্ত ফ্যান, লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া সম্ভাব্য বৈরী আবহাওয়া বিবেচনায় বৃষ্টি প্রতিরোধক সামিয়ানা এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের অজুর জন্য প্যান্ডেলের ভেতরে একসঙ্গে প্রায় ১৪০ জনের অজুর ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশপথ ও ঈদগাহ এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, প্রাথমিক চিকিৎসা সেবা এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশাসক জানান, ঈদগাহে প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য মোট চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি ফটক রাখা হয়েছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে এবং ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও জানান, প্রধান জামাতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার আহ্বান জানান প্রশাসক। একই সঙ্গে তিনি নগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে সুশৃঙ্খল পরিবেশে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান।

Scroll to Top