জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন | চ্যানেল আই অনলাইন

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন | চ্যানেল আই অনলাইন

রোববার জাতীয় স্টেডিয়াম ঢাকায় শুরু হয়েছে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এ আসরে দ্রুততম মানবের খেতাব জিতেছেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমান। দ্রুততম মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। অনন্য রেকর্ডও ছুঁয়েছেন তিনি। 

ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের আধিপত্য ধরে রেখেছেন ব্রিটিশ বংশোদ্ভূত ইমরানুর। নৌবাহিনী থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ইমরানুরের সময় লেগেছে ১০.৫৮ সেকেন্ড। ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর আরেক সদস্য মোহাম্মদ ইসমাইল এবং তৃতীয় হয়েছেন বিমানবাহিনীর নাইম ইসলাম। তার সময় লেগেছে ১০.৯১ সেকেন্ড।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে অনন্য রেকর্ড গড়েছেন শিরিন আক্তার। নৌবাহিনীর এ সদস্যের দ্রুততম মানবী হতে সময় লেগেছে ১২.১০ সেকেন্ড। এ জয়ের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ১৭বার দ্রুততম মানবীর খেতাবজয়ী নাজমুন নাহার বিউটির রেকর্ড ছুঁয়েছেন শিরিন।

আগামী কোনো প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে জয়ী হলে সর্বোচ্চ দ্রুততম মানবীর রেকর্ড নিজের করে নিবেন শিরিন।

Scroll to Top