বিশ্বকাপে গ্রুপপর্বে সাউথ আফ্রিকা-চেক রিপাবলিকের ম্যাচ পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের নারী রেফারি টোরি পেন্সো। ছেলেদের বিশ্বকাপে প্রধান রেফারি হয়ে ম্যাচ পরিচালনাকারী দ্বিতীয় নারী হিসেবে ইতিহাস গড়লেন তিনি। আটলান্টায় ১-১ গোলে ড্র করেছে সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক।
পেন্সো ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্টের পর দ্বিতীয় নারী যিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। ফ্রাপার্ট কাতারে ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্বে জার্মানি-কোস্টারিকা ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আটলান্টায় পেন্সোর সহকারী হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তার স্বদেশী ব্রুক মেয়ো এবং ক্যাথরিন নেসবিট। ২০২৩ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে পেন্সোর।
২০২০ সালে তিনি মেজর লিগ সকারে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ৩৯ বর্ষী পেন্সো ২০২১ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে কোস্টারিকায় হওয়া মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন।



