
ঢাকা, ১৪ মার্চ – ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে বাংলাদেশে আসা অনেক কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে। বর্তমান পরিস্থিতিতে ওইসব দেশে গিয়ে ভিসা নবায়ন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এই সংকটময় পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় জানায়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই দেশগুলোর ক্ষেত্রে কর্মীদের নিজ নিজ নিয়োগকর্তা, স্পন্সর অথবা কফিলের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনের মাধ্যমে ভিসা নবায়নের আবেদন করতে হবে।
অন্যদিকে, প্রবাসী কর্মীদের জন্য একটি স্বস্তির খবরও জানিয়েছে মন্ত্রণালয়। কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করেছে, যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে বা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। এর ফলে এই দেশগুলোতে কর্মরত প্রবাসীরা কিছুটা হলেও চিন্তামুক্ত হতে পারবেন।
এনএন/ ১৪ মার্চ ২০২৬





