দলবদলে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের নতুন চুক্তি প্রস্তাবে সম্মত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হল, নতুন চুক্তিতে ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন ২৬ বর্ষী ফরোয়ার্ড।
আগে চুক্তি নবায়ন নিয়ে দু’পক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা স্থবির হয়ে পড়েছিল। ২০২৭ সালের জুনে ভিনিসিয়াসের সাথে রিয়ালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে খবর, চলতি মৌসুমে নতুন চুক্তি না হলে তাকে বিক্রি করে দেয়ার কথা ভাবছিল রিয়াল। আর্সেনালও তাকে দলে নিতে আগ্রহী ছিল।
মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস জুনিয়র চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন, যা তাকে ২০৩২ সাল পর্যন্ত ক্লাবে রাখবে। ২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে তিনি রিয়ালে যোগ দেন। আট মৌসুমে ৩৭৫ ম্যাচ খেলে ১২৮ গোল করেছেন এবং ১৪টি শিরোপা জিতেছেন।’
‘এসবের মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা ডেল রে এবং তিনটি স্প্যানিশ সুপারকোপা। ক্লাবের অন্যতম সফল এই যুগে তার গোল, অ্যাসিস্ট ও নৈপুণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
আগের চুক্তিতে বছরে ভিনিসিয়াস প্রায় ১ কোটি ৭৫ লাখ ইউরো পেতেন। নতুন চুক্তির আলোচনায় তিনি বছরে প্রায় ৩ কোটি ইউরো দাবি করে আসছিলেন। রিয়াল মাদ্রিদ বছরে ২ কোটি ২০ লাখ ইউরোর প্রস্তাব দিলেও এবার আরও নতুন শর্ত যুক্ত করে নতুন চুক্তি করেছেন তিনি।


