ছড়িয়ে পড়া ভিডিওতে অপুকে হঠাৎ চুমু, নেপথ্যে যে কারণ

ঢালিউড তারকা অপু বিশ্বাসকে হঠাৎ চুমু দিচ্ছেন এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর সময় অপুকে চুমু দেন ওই যুবক। এতে লাজুক ভঙ্গিতে হেসে ওঠেন অভিনেত্রী। পরে জানা গেছে, ওই যুবকের নাম আদনান আজাদ। তারা দুজন একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন।

অপু বিশ্বাস

গতকাল শনিবার দিনভর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অপু বিশ্বাস ও আদনান আজাদকে হবু বর-কনের সাজে দেখা যায়। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করতে করতেই অপুকে চুমু দেন আদনান। এমন আকস্মিক ঘটনায় কিছুটা লজ্জা পেয়ে হেসে ওঠেন অভিনেত্রী। তাদের এই রোমান্টিক মুহূর্ত নজর কেড়েছে নেটিজেনদের।

খোঁজ নিয়ে জানা গেছে, চুমুর দৃশ্যটি ইচ্ছা করেই ধারণ করা হয়েছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাদের নিয়ে কৌতূহল তৈরি হয়। অনেকেই জানতে চান, কে এই আদনান আজাদ?

প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

সম্প্রতি তাদের একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমায় কাজ করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস। তার ভাষ্য, আদনান বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান আজাদ বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে তার নতুন করে বড় পর্দায় ফেরার সম্ভাবনা নিয়েও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছে।

Scroll to Top