চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই | চ্যানেল আই অনলাইন

ফুটবল বিশ্বকাপের বিশ্বজনীন উন্মাদনার রেশ ধরে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ ফুটবল টুর্নামেন্ট ‘চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট’। চ্যানেল আইয়ের কর্মকর্তা ও সংবাদকর্মীদের অংশগ্রহণে তিন দলের টুর্নামেন্ট গড়াবে আগামীকাল শুক্রবার রাতে।

রাজধানীর শেওড়াপাড়ার ‘আল্টিটিউড অ্যারেনা’তে রাত ১০টা থেকে বসবে জমজমাট আয়োজন।

প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজের ব্যস্ততা একপাশে রেখে এবার ফুটবল মাঠে নিজেদের দক্ষতা প্রমাণ করতে প্রস্তুত সকলে। চ্যানেল আই টেলিভিশন, অনলাইন, মাল্টিমিডিয়া ও ডিজিটাল, প্রোডাকশন বিভাগের কর্মীদের নিয়ে তিন দল অংশ নেবে প্রতিযোগিতায়।

লাল দলে টেলিভিশন, সবুজ দলে অনলাইন, মাল্টিমিডিয়া ও ডিজিটাল এবং সাদা দল জার্সিতে অংশ নেবে প্রোডাকশন বিভাগ। ইতিমধ্যে দলগুলোকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অনুশীলন সারতে দেখা গেছে। তিন রঙের জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন সংবাদকর্মী থেকে শুরু করে পর্দার পেছনের কারিগররা। ট্রফি জয়ের লক্ষ্যে নিজেদের মধ্যে কৌশল নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কোচ-খেলোয়াড়রা।

চ্যানেল আইয়ের ভিন্নধর্মী উদ্যোগটি কর্মীদের কাজের একঘেয়েমিতে সাময়িক যতি টানার পাশাপাশি পারস্পরিক মেলবন্ধন আরও দৃঢ় করবে বলে সকলের বিশ্বাস। শুক্রবারের জমজমাট ত্রিমুখী লড়াইয়ে কোন বিভাগ শেষ পর্যন্ত হাসিমুখে ট্রফি উঁচিয়ে ধরে, এখন সেটা দেখার অপেক্ষা।

Scroll to Top