চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’ | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’ | চ্যানেল আই অনলাইন

দেশের ক্ষুদে প্রতিভাদের খুঁজে বের করতে চ্যানেল আইয়ে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’। ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’—এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটির ১৪তম আসর।

রিয়েলিটি শোটির প্রকল্প পরিচালক রাজু আলীম। প্রতিযোগিতার প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইয়ে। এবারের আয়োজনে ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত—এই ছয়টি বিভাগে দেশের ১২টি জোন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবে।

বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় থাকবে ১৫টি একক এবং ৩টি দলীয় ক্যাটাগরি। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক ও একটি দলীয় বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে নির্বাচিত করা হবে দুইজন ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’।

প্রতিযোগিতার নিবন্ধন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। নিবন্ধন ও প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে।

প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে চ্যানেল আইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা। এছাড়া কণ্ঠশিল্পী বিউটি, লায়লা ও মৌমিতা বড়ুয়া, স্মরণসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, শিশুরা ফুলের মতো কোমল। তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী। এই উদ্যোগে চ্যানেল আই যুক্ত হওয়ায় আয়োজনটি আরও সমৃদ্ধ হবে।

তাদের আশা, ‘শাপলাকুঁড়ি ২০২৬’-এর মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গন নতুন প্রতিভাবান শিল্পীদের খুঁজে পাবে।

Scroll to Top