
চট্টগ্রাম, ১৩ আগস্ট – চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চুয়েটের পুকুরগুলোতে নামা, সাঁতার কাটা বা যেকোনো ধরনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসনের এই নির্দেশ অমান্য করে কেউ পুকুরে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি আচরণ হিসেবে গণ্য হবে। এমন ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে চুয়েটের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে মারা যান যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব সাহা। সেই শোক কাটিয়ে ওঠার আগেই গত বুধবার একই পুকুরে নেমে প্রাণ হারান আরও দুই নবীন শিক্ষার্থী চমক দত্ত এবং শান্ত দেব। তারা দুজনেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হয়েছিলেন।
এই পর পর দুটি মর্মান্তিক ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে এখন শোকের মায়া বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন এই কঠোর নির্দেশনা জারি করেছে।
এনএন/ ১৩ আগস্ট ২০২৬


